৭ দিনের আলটিমেটাম: প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনি মারপ্যাঁচে পড়ছেন মডেল মনিকা
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের ঘটনায় আলোচিত রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে তাঁকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিতর্কিত কনটেন্ট ও ভিডিও সরানোর নির্দেশ লিগ্যাল নোটিশে মনিকা কবিরকে এই ধরনের অশালীন ও বিতর্কিত কন্টেন্ট তৈরি থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও আপত্তিকর কন্টেন্টগুলো দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভিসা ও ওয়ার্ক পারমিটের ব্যাখ্যা দাবি আইনি এই নোটিশে মনিকার বাংলাদেশে অবস্থানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাঁর বাংলাদেশে অবস্থানের জন্য প্রয়োজনীয় বৈধ ভিসা এবং ওয়ার্ক পারমিট রয়েছে কি না, সে সংক্রান্ত কাগজপত্র ও ব্যাখ্যা উপস্থাপনের জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।
আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আগামী সাত দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ না নিলে এবং প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ–১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০–এর সংশ্লিষ্ট ধারায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার প্রেক্ষাপট উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধর করার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই রুশ-বাংলা মডেল। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা তাঁর উদ্ধত আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিলেন।





















