সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার বেলা ১১টায় শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে অধিবেশন উদ্বোধন করা হয় এবং সেদিনই রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়া দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর দেওয়া হবে।
এছাড়া জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ (বিধি-৭১) নিষ্পত্তি, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং ওই প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।
এর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।
উল্লেখ্য, প্রথম অধিবেশনের শুরুতে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। একইভাবে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নামও অনুমোদিত হয়।





















