দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, এই উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করবে।
শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ, সেবা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে সহায়তা করে, যা সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে।
রমজানের এই শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
তিনি আরও বলেন, এ আনন্দঘন দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেই—এটাই হোক আমাদের অঙ্গীকার।
শেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।





















