প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ে যমুনায় মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মানুষের ব্যাপক সমাগম হয়েছে। সকাল ১০টা থেকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।
সকাল সাড়ে ৮টা থেকে সর্বসাধারণের জন্য যমুনা প্রাঙ্গণের প্রবেশপথ খুলে দেওয়া হলে অল্প সময়ের মধ্যেই সেখানে ভিড় বাড়তে থাকে। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হন। একপর্যায়ে মানুষের এই ঢল হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়। পুরো এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়।
এর আগে সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
২০০৮ সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে যাওয়ার মাধ্যমে দেশ ছাড়েন বিএনপির তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমান। এর আগে ২০০৭ সালে তিনি সর্বশেষ দেশে ঈদ উদযাপন করেছিলেন। দীর্ঘ ১৯ বছরের প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এটিই তার প্রথম ঈদ।





















