‘আমরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম’, সংসদে স্পিকার
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ভারতের বিতর্কিত টিপাইমুখ বাঁধ ইস্যুতে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, “আমরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।” বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালে সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল মালিকের এক সম্পূরক প্রশ্নের পর স্পিকার এ মন্তব্য করেন।
‘সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধেই ভারত কাজ শুরু করে’
সংসদে পরিবেশমন্ত্রীর উত্তরের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফ্লোর নিয়ে নিজের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “পানিসম্পদ মন্ত্রী হিসেবে আমার কিঞ্চিৎ অভিজ্ঞতা আছে। এই যে টিপাইমুখ বাঁধ, এটি বাংলাদেশেরই তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের অনুরোধে ভারত চালু করেছিল। আমরাই ডেকে ডেকে নিজেদের এই সর্বনাশ ডেকে এনেছিলাম।”
সিলেটের বন্যা ও খরার দুর্ভোগ তুলে ধরলেন এমপি
এর আগে, পরিবেশ মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে সিলেটের বন্যা ও খরা পরিস্থিতির ভয়াবহ দুর্ভোগের কথা জাতীয় সংসদে তুলে ধরেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক।
তিনি বলেন, কালবৈশাখী ও বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল এবং বরাক নদীর উজানের পানির প্রবল চাপে সিলেটের রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। আবার খরার মৌসুমে পানির তীব্র অভাবে স্থানীয় মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। সিলেটবাসীর পক্ষ থেকে তিনি জানতে চান, টিপাইমুখ বাঁধের বিষয়ে বর্তমান সরকারের কী পরিকল্পনা রয়েছে এবং পাহাড়ি পানির এই চাপ ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
পরিবেশমন্ত্রীর আশ্বাস
এমপি আব্দুল মালিকের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সংসদে জানান, বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন।
তিনি বলেন, “টিপাইমুখ বাঁধের যে ব্যাপারটি মাননীয় সংসদ সদস্য উল্লেখ করেছেন, তা নিয়ে আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব, যাতে ভবিষ্যতে এই সমস্যার একটি কার্যকর সমাধান করা যায়।” মন্ত্রী আরও আশ্বাস দেন, বাঁধের কারণে একবার বন্যায় তলিয়ে যাওয়া এবং আরেকবার পানি না পাওয়ার যে সংকট তৈরি হয়েছে, তা নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
পরিবেশমন্ত্রীর এই আশ্বাসের পরই স্পিকার টিপাইমুখ ইস্যুতে তাঁর ওই মন্তব্যটি করেন।





















