আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কের পথে পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পঞ্চম ‘আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে’ অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন। আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী এই বৈশ্বিক ফোরাম অনুষ্ঠিত হবে।
দ্বিপক্ষীয় বৈঠক ও সাইডলাইন আলোচনা
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ফোরামে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া, ফোরামে অংশ নেওয়া পাকিস্তান, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গেও সাইডলাইনে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রচারণা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণের পাশাপাশি এই সফরকে একটি বিশেষ কূটনৈতিক সুযোগ হিসেবে কাজে লাগাতে চায় ঢাকা। ফোরামে আগত বিশ্বনেতাদের কাছে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে জোরালো প্রচারণা চালানো হবে।
দায়িত্ব গ্রহণের পর তুরস্কে দ্বিতীয় সফর
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটি খলিলুর রহমানের দ্বিতীয় তুরস্ক সফর। এর আগে গত মার্চের মাঝামাঝিতে তিনি দেশটিতে সফর করেছিলেন এবং সে সময়ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।





















