গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন বাস্তবায়নে হাইকোর্টের রুল
গৃহকর্মীদের জন্য বাধ্যতামূলক নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে রিটে উত্থাপিত সুপারিশ অনুযায়ী গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
রোববার (১৯ এপ্রিল) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রুলের জবাব দিতে আইন সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খাদিজাতুল কোবরা। তিনি জানান, গত ৫ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় মা ও মেয়েকে হত্যার ঘটনা ব্যাপক আলোড়ন তোলে, যেখানে অভিযুক্ত ছিলেন এক গৃহকর্মী। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়।
নোটিশে ১৯৬১ সালের গৃহকর্মী নিবন্ধন অধ্যাদেশ অনুযায়ী গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা চালুর আহ্বান জানানো হয়। তবে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় চলতি বছরের ৩১ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করা হয়।
উল্লেখ্য, ১৯৬১ সালের ওই অধ্যাদেশে রাজধানী ঢাকার কয়েকটি এলাকা—ঢাকা কোতোয়ালী, সূত্রাপুর, লালবাগ, রমনা ও তেজগাঁও—এ গৃহকর্মীদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সরকার গেজেটের মাধ্যমে অন্যান্য এলাকাও এর আওতায় আনার সুযোগ রাখা হয়েছে।





















