ঢাকাসহ ১৩ জেলায় কালবৈশাখীর আশঙ্কা
রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় আজ মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুটি ভিন্ন মাত্রার ঝুঁকি রয়েছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চল বেশি ঝুঁকিতে আছে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৈশাখ মাসের এই কালবৈশাখী ঝড় স্বল্প সময়ের মধ্যেই তীব্র আকার ধারণ করতে পারে। তাই নৌযান চলাচলকারী ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দুপুরের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।





















