হজ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
অনুমতি ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে সৌদি আরব। এ অবস্থায় বাংলাদেশি নাগরিকদের হজবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজিদের ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সরকার এবার হজ ব্যবস্থাপনায় আরও কঠোরতা আরোপ করেছে।
বৈধ হজ পারমিট ছাড়া হজ করতে গেলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।
এ ছাড়া অবৈধ হাজিদের পরিবহন, আবাসন বা অন্য কোনোভাবে সহায়তা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাভেল এজেন্সি, আবাসন সেবাদাতা, যানবাহনের মালিক এবং অবৈধ হাজিদের আশ্রয়দাতাদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হবে।
সংশোধিত নিয়ম অনুযায়ী, শুধু অনুমোদিত হজ পারমিটধারীরাই মক্কা ও নির্ধারিত পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন।
জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত ভিজিট ভিসাধারীরা বৈধ হজ অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না বলেও জানানো হয়েছে।





















