মিরপুরের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় করা এক মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।
এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’
মামলার তথ্যমতে, গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া হৃদয় মিয়া নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
গ্রেফতারের পর তিনি এ মামলায় পাঁচ দিনের রিমান্ডেও ছিলেন।





















