ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং ঐতিহাসিক ধরার খালের পুনঃখনন কাজের সূচনায় ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
ত্রিশালে শুরু হচ্ছে তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী উৎসব
দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে উদ্যাপিত হতে যাচ্ছে কবির ১২৭তম জন্মবার্ষিকী।
আগামী সোমবার (২৫ মে) জাতীয় কবির জন্মবার্ষিকী হলেও আসন্ন ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠানসূচিতে আনা হয়েছে পরিবর্তন। এর অংশ হিসেবে শনিবার থেকেই শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুলজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ত্রিশালে উৎসবের আমেজ, জোরদার নিরাপত্তা
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইতোমধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে ত্রিশালের নজরুল মঞ্চ। জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় করা হয়েছে নান্দনিক সাজসজ্জা ও আলোকসজ্জা।
প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছেন।
কবির জন্মজয়ন্তীকে ঘিরে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনেও বইছে উৎসবের আমেজ ও প্রাণচাঞ্চল্য।
ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধন
ত্রিশালে নজরুলজয়ন্তী অনুষ্ঠানের আগে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ঐতিহ্যবাহী ধরার খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ১৯৭৯ সালে এই ঐতিহাসিক খালের খনন কাজের উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান।
বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী
সরকারি কর্মসূচি শেষে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।





















