জামায়াতের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি
বেঙ্গল আই ডেস্ক | জাতীয় ও রাজনীতি
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমদের নাম ঘোষণা করা হয়।
জোটের সম্মতিতে প্রার্থী কর্নেল অলি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, জোটের শীর্ষ নেতাদের সম্মতির ভিত্তিতে কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের মধ্যে আলোচনার পর এ সিদ্ধান্ত এসেছে।
বৈঠকে যারা উপস্থিত ছিলেন
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল।
এর একদিন পরই ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো।





















