প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও রিয়াদ সফরে যাওয়ার আহ্বান জানানো হয়। ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার আওতায় বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার বিষয়ও তুলে ধরা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ফিলিস্তিনবিষয়ক নির্বাহী কমিটির বৈঠকের সাইডলাইনে ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এ আমন্ত্রণ জানান সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, ওআইসি প্ল্যাটফর্ম ও দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে দুই দেশ সহযোগিতা আরও জোরদার করতে কাজ করবে। সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়ানোর আগ্রহের কথাও জানানো হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মোল্লা ফারহাদ হোসেন এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম. জে. এইচ. জাবেদ।





















