‘৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা রাখব’—মুফতি আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা জানিয়েছেন, বিরোধী দলের ৭৯ জন সংসদ সদস্য একত্রে সরকারি দলের ২১১ জন সদস্যকে জবাবদিহিতার মধ্যে রাখার চেষ্টা করবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমির হামজা বলেন, “চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, শেরপুরের একজন যুক্ত হলে মোট ৭৯ জন হব। আর বাকি আছেন ২১১ জন সংসদ সদস্য। আমরা শতভাগ চেষ্টা করব—এই ৭৯ জন মিলে তাদের তীরের মতো সোজা রাখতে। কেউ যদি এদিক-সেদিক করেন, সংসদের ভেতরে হোক বা বাইরে—আমরা প্রতিবাদ জানাব।”
তিনি আরও বলেন, তার কাছে দল বা ধর্ম নয়, ন্যায়বিচারই মুখ্য। “আমার দলের লোক অন্যায় করলে সেটা যেমন অন্যায়, অন্য দলের লোক করলে তেমনই অন্যায়। চাঁদাবাজি বা অবৈধ কিছু আমার দলের লোক করলে তা মেনে নেওয়া হবে, আর অন্য দলের করলে ধরা হবে—এটা ন্যায়বিচার হতে পারে না,” বলেন তিনি।
নিজের নির্বাচনী ফলাফলের প্রসঙ্গ টেনে আমির হামজা জানান, তিনি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছেন। তবে পুরো এলাকার প্রায় সাড়ে ৪ লাখ ভোটারের প্রতিনিধিত্বই তার দায়িত্ব। “আমি সবার এমপি। সবাইকে আপন ভাই-বোন মনে করে আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করতে চাই,” যোগ করেন তিনি।
এর আগে সকালে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে এমপি হিসেবে কার্যক্রম শুরু করেন মুফতি আমির হামজা। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।


























