কৃষিমন্ত্রীর সরকারি বেতন-ভাতা না নেওয়ার ঘোষণা
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন বলেছেন, মন্ত্রী হওয়ার পর থেকে তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন এবং নিজের অর্থে কেনা তেল দিয়ে তা পরিচালনা করছেন। তিনি কোনো সরকারি গাড়ি বা জ্বালানি সুবিধা নিচ্ছেন না। মন্ত্রী থাকাকালীন সময়েও সরকারি গাড়ি ব্যবহার করবেন না এবং সরকারি বেতন-ভাতাও গ্রহণ করবেন না বলে তিনি জানান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা তিনিই স্থাপন করেছেন। স্থানীয়দের উৎসাহ ও সহযোগিতায় জেলায় এক ধরনের শিল্প বিপ্লব ঘটেছে এবং বহু নতুন কারখানা গড়ে উঠেছে। এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ড. আখতার হামিদ খান প্রথম কৃষিতে আধুনিকতার সূচনা করেন। তাঁর উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ দেশ-বিদেশে এখনো সমাদৃত। নিজেকে একজন কৃষক হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি জানেন কীভাবে ধান চাষ করতে হয় এবং কুমিল্লাসহ সারা দেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষিতে কুমিল্লা বরাবরই অগ্রণী ভূমিকা রেখেছে। জেলার কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। কুমিল্লার ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ট্যাংক ও ব্যাংকের নগরী’ হিসেবে কুমিল্লার যে সুনাম রয়েছে, তা সমুন্নত রাখার চেষ্টা করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।




















