ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হতে বলেছে দল আমাকে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত পেয়েছেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আসিফ বলেন, দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য বলা হয়েছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
ছয়টি সিটি করপোরেশনে দ্রুত প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের আগে এ ধরনের নিয়োগের কোনো বিধান ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার মেয়ররা পালিয়ে যান এবং অনেক স্থানে ফ্যাসিবাদের দোসররা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। তখন সরকার এমন বিধান করে যে, প্রয়োজনে যে কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া যাবে। তবে আইন থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার তা ব্যবহার করেনি, শুধু একটি ক্ষেত্রে প্রয়োগ হয়েছে।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর যেখানে ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার কথা, সেখানে দলীয়ভাবে বিভিন্ন সময় বঞ্চিত বা পরাজিত প্রার্থীদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ছয়টি সিটি করপোরেশনে।
দেড় বছরের বেশি সময় ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিশূন্য রয়েছে জানিয়ে আসিফ বলেন, এতে নাগরিক সেবা পেতে জনগণ ভোগান্তিতে পড়ছে। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি বলেও তিনি মন্তব্য করেন এবং দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণার আশা প্রকাশ করেন।
সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে স্বচ্ছতার অভাব রয়েছে দাবি করে তিনি বলেন, নিয়োগপত্রে মেয়াদের নির্দিষ্ট উল্লেখ নেই। প্রজ্ঞাপন দেখে মনে হয় যেন তারা আমৃত্যু প্রশাসক থাকবেন। অথচ চুক্তিভিত্তিক সরকারি নিয়োগে সময়সীমা উল্লেখ করা গুরুত্বপূর্ণ, যা সাধারণত ছয় মাস, এক বছর বা দুই বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে।
দুই দিন ধরে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, পুলিশের অভিযানের নামে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যার তীব্র নিন্দা জানান তিনি। তার মতে, এর মাধ্যমে জনগণকে ভীত রাখার চেষ্টা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলন বা রাস্তা অবরোধ না করার কথা বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ও নানা অযৌক্তিক কারণে অবরোধ হয়েছে, যা তারা সমর্থন করেন না। তবে যৌক্তিক দাবিতে আন্দোলনের অধিকার যেন বিঘ্নিত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ও এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হান্নান মাসউদ বলেন, নানা কারচুপির পরও তাদের দলের ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নিজেকে দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য বলে উল্লেখ করেন। ভোটের দিন সকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হওয়ার কথাও জানান এবং বলেন, তার স্ত্রীর ওপরও হামলা হয়েছিল, যা নিয়ে হাতিয়ায় মামলা এখনো চলমান।
এনসিপি আগামী সব স্থানীয় নির্বাচনে অংশ নেবে জানিয়ে তিনি বলেন, পৌরসভা, সিটি করপোরেশন ও ওয়ার্ড পর্যায়ে অংশগ্রহণকারীদের দল প্রস্তুত করবে।


























