১৫ মার্চের মধ্যে জমা দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে তাঁদের নির্বাচনি ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, নির্বাচনের ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা বাধ্যতামূলক। সেই হিসাবসমূহ আগামী ২৫ মার্চের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের নামের গেজেট প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচনি ব্যয়ের বিবরণী জমা দিতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশিত হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারি করা পরিপত্র-১৮ অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জমা হওয়া ব্যয়ের রিটার্নের তথ্য ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে বলা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, আগামী মার্চের মাঝামাঝি সময়ের মধ্যেই সব প্রার্থীকে তাঁদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে। উল্লেখ্য, এবারের নির্বাচনে দুই হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।





















