ছাত্রদলের শোকজ: হামিমের প্রতিক্রিয়া
কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিল ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজনের জন্য তাকে শোকজের নোটিশ পাঠানো হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় হামিম জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের পেজে তার নামে শোকজপত্র দেখেন। বিষয়টি জানতে তিনি বিভিন্ন শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছেন।
হামিম জানান, দপ্তর সম্পাদকও কারণ জানতেন না এবং প্রেসিডেন্ট ও সেক্রেটারির সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে তিনি জানতে পারেন, ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা ইফতার মাহফিল ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতাকেই শোকজের কারণ হিসেবে দেখানো হয়েছে। হামিম বলেন, শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি এই আয়োজন করেছিলেন, এতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন।
শোকজপত্র ফেসবুকে প্রকাশের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে নোটিশ না পাওয়া পর্যন্ত লিখিত কোনো জবাব দেবেন না। তিনি আরও বলেন, “আমার কাজের কারণে যদি ছাত্রদলের ক্ষতি হয়ে থাকে, তবে প্রেসিডেন্ট ও সেক্রেটারির কাছে ক্ষমা চাইছি। যদি অন্যায় হয়েছে, বিচার আমি সবার ওপর ছেড়ে দিচ্ছি। ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়।”


























