নিরাপত্তা ইস্যুতে মধ্যপ্রাচ্যের ৩ দেশের মন্ত্রীর ফোন পররাষ্ট্রমন্ত্রীকে
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে। কুয়েত, বাহরাইন ও কাতারের শীর্ষ কূটনীতিকরা ফোন করে বাংলাদেশের নাগরিকদের সুরক্ষার বিষয়ে আশ্বাস দিয়েছেন।
ড. খলিলুর রহমান আশা প্রকাশ করে বলেন, “আমরা চাই আর কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা না ঘটুক। যারা বিভিন্ন দেশে আটকে পড়েছেন, বিমান চলাচল স্বাভাবিক হলে দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। বাংলাদেশ সবসময় বিশ্বাস করে, যুদ্ধ কোনো সমাধান নয়।”
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আরব উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
নিহতদের একজন সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ। তিনি আকাশ থেকে পতিত ধ্বংসাবশেষে আহত হয়ে প্রাণ হারান।
অপর নিহত ব্যক্তি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ তারেক (৪৮)। বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর আঘাত হানলে তিনি নিহত হন।





















