দেশের সব ফিলিং স্টেশনে পুলিশি টহল জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিপিসির অনুরোধ
দেশের সব ফিলিং স্টেশনে নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গতকাল শনিবার (৭ মার্চ) সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পেট্রোলিয়াম করপোরেশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম/সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হওয়ায় ভোক্তা/গ্রাহকদের মধ্যে অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল গ্রহণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ফলে ডিলারগণ বিগত সময়ের তুলনায় অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। তাছাড়া কিছু কিছু ভোক্তা ডিলার/ফিলিং স্টেশন হতে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুদ করার চেষ্টা করছেন বলে খবর পাওয়া গেছে।
ইতোমধ্যে ফিলিং স্টেশন হতে ভোক্তা প্রান্তে জ্বালানি তেলের সরবরাহ সীমিতকরণ করে বিপিসি হতে একটি প্রেস রিলিজ জারি করা হয়েছে (সংলাগ-১)। এছাড়াও বিদ্যমান সংকটকালীন সময়ে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ক্রেতাদের সাথে ফিলিং স্টেশনের কর্মচারীদের বিভিন্ন ধরনের অনভিপ্রেত ঘটনা সৃষ্টি হচ্ছে। সে প্রেক্ষিতে দেশের ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পুলিশি টহল জোরদার করা প্রয়োজন।
এমতাবস্থায়, দেশের সকল ফিলিং স্টেশনের নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল জোরদারকরণের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।





















