বেগম খালেদা জিয়ার নারী শক্তি ছিল তাঁর দৃঢ়তায়: ডা. জুবাইদা রহমান
বাংলাদেশ অচিরেই সকল নারী ও কন্যার জন্য এক নিরাপদ আবাসে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দৃঢ়তা ও সাহসের প্রেরণা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা স্মরণ করে ডা. জুবাইদা রহমান বলেন, “অদম্য মনোবলই একজন নারীর সবচেয়ে বড় শক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নারী শক্তির মূল উৎস ছিল তাঁর অটল দৃঢ়তা, আর তাঁর নেতৃত্বের শক্তি নিহিত ছিল অসীম সাহসে।” তিনি আরও বলেন, নারীদের এই সাহসিকতা ও দৃঢ়তাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়তে হবে।
সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নারী যখন এগিয়ে যায়, তখন পুরো জাতি এগিয়ে যায়। নারীর উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করা ছাড়া একটি উন্নত রাষ্ট্র কল্পনা করা অসম্ভব।”
নিরাপদ বাংলাদেশের স্বপ্ন ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যে বর্তমান সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়তে কাজ করছি, যা হবে সব নারী এবং কন্যার জন্য নিরাপদ। যেখানে কর্মক্ষেত্র থেকে শুরু করে রাজপথ—সবখানেই নারীরা মর্যাদার সাথে বিচরণ করতে পারবেন।”
অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট নারী নেত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় নারী অধিকার প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।





















