মধ্যপ্রাচ্যের চার রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্থগিত হওয়া রুটগুলো হলো— কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম।
সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পেলে পরবর্তীতে এসব রুটে ফ্লাইট পুনরায় চালু করা হতে পারে।
বিমান কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় হালনাগাদ তথ্য যাত্রীদের দ্রুত জানিয়ে দেওয়া হবে।
ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমান কলসেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। কলসেন্টার নম্বর: ১৩৬৩৬ (দেশের ভেতর) এবং +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক)।





















