ভূমি প্রতিমন্ত্রী থেকে ডেপুটি স্পিকার: সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন ব্যারিস্টার কায়সার কামাল
নিজস্ব প্রতিবেদক | জাতীয় সংসদ
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হন।
নির্বাচন প্রক্রিয়া ও মনোনয়ন অধিবেশনের শুরুতে অন্তর্বর্তীকালীন সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার পদে কেবলমাত্র একটিই মনোনয়নপত্র জমা পড়েছে। সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এই দায়িত্ব পালনে নিজের সম্মতি প্রকাশ করেন। এরপর সভাপতি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানান। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন।
সর্বসম্মতিক্রমে জয় প্রস্তাবটি নিয়ম অনুযায়ী সংসদে কণ্ঠভোটের জন্য পেশ করা হলে তা বিপুল ব্যবধানে ‘হাঁ’ জয়যুক্ত হওয়ার মাধ্যমে পাস হয়। ফলে সর্বসম্মতিক্রমে ত্রয়োদশ সংসদের ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের নাম চূড়ান্ত হয়।
ব্যারিস্টার কায়সার কামাল বর্তমানে ভূমি প্রতিমন্ত্রীর পাশাপাশি দেশের আইন ও রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ। প্রবীণ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর, এখন তাঁর সঙ্গী হিসেবে সংসদ পরিচালনার গুরুদায়িত্ব পালন করবেন তরুণ এই ব্যারিস্টার।
সদ্য নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা।





















