নিজস্ব উৎস থেকে গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হতে চায় বাংলাদেশ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন বাড়িয়ে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। এতে ভবিষ্যতে যেকোনো ঝুঁকি মোকাবিলা করা সহজ হবে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে। তার মতে, আগামী পাঁচ বছর পর দেশে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে ৪ হাজার ঘনফুটে পৌঁছাতে পারে এবং সেই চাহিদা দেশের নিজস্ব গ্যাসক্ষেত্র থেকেই পূরণের সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, অতীতে আমদানি নির্ভর নীতির কারণে জ্বালানি খাত ঝুঁকির মুখে পড়েছে। বৈশ্বিক সংকটের সময় তার প্রভাবও পড়েছে দেশের ওপর। পাশাপাশি তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময় বাপেক্সকে দুর্বল করে রাখা হয়েছিল।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যেই প্রায় ৮২ মিলিয়ন ঘনফুট বা তারও বেশি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এজন্য বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে প্রতিষ্ঠানটিকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার কথাও জানান তিনি।
উল্লেখ্য, শ্রীকাইল গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন প্রায় ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে করে মুরাদনগরের এই গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে মোট দৈনিক প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।





















