নির্বাচনের পর দেশের মালিকানা জনগণ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের মালিকানা জনগণ অনেকটাই ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর পাহাড়তলীর উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। পরে পারিবারিক কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশে পরিবর্তিত ও গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ কিছুটা ভিন্ন। আমরা যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, নির্বাচনের পর অনেকাংশে তা ফিরে পেয়েছি।’
তিনি আরও বলেন, মানুষ মুক্ত পরিবেশে না থাকলে ঈদের আনন্দ পূর্ণতা পায় না। এখন সবাই মিলেমিশে অতিরিক্ত আনন্দ উপভোগ করছেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষ যেন মুক্তভাবে কথা বলতে, চলাফেরা করতে এবং তাদের সাংবিধানিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে—এটাই প্রত্যাশা।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ যেন জাতি-ধর্ম নির্বিশেষে সবার মধ্যে অব্যাহত থাকে। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।


























