রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না’: নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে তিনি আর দলীয় কার্যালয়ে আসবেন না বলে নেতাকর্মীদের সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন।
রাস্তা পরিষ্কারে আধা ঘণ্টার আল্টিমেটাম শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। উপস্থিত ভিড়ের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের অফিসে আসতে হবে যাতে জনজীবন ব্যাহত না হয়। যদি আমাকে নিয়মিত পল্টন অফিসে দেখতে চান, তবে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে।”
আইনের মধ্যে থেকে মানুষের পাশে থাকার নির্দেশ দেশের মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, সারা দেশের নেতাকর্মীদের আইনের মধ্যে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি যোগ করেন, “দেশে অনেক সমস্যা আছে, আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে। মানুষের কষ্ট বা অসুবিধা হয়—এমন কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে।”
জনস্বার্থে কঠোর অবস্থান বক্তব্যের শেষ পর্যায়ে নেতাকর্মীদের রাস্তা ছেড়ে বাম দিকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সবাই বাম দিকে চেপে আসুন, রাস্তা খুলে দিন। আপনাদের সহযোগিতা থাকলে আমি নিয়মিত অফিসে আসতে পারব, নচেৎ পারব না। আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না।”
প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী ও জনবান্ধব অবস্থানকে সাধারণ পথচারী ও রাজনৈতিক বিশ্লেষকরা ইতিবাচক হিসেবে দেখছেন।





















