জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ ধরনের অপরাধের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং পাচারের সঙ্গে জড়িত রয়েছে। এসব কার্যক্রম বন্ধে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সরকার জানিয়েছে, কেউ যদি অবৈধ মজুদ বা পাচারকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করেন, তবে তথ্য যাচাইয়ের ভিত্তিতে দ্রুততম সময়ে তাকে পুরস্কার প্রদান করা হবে।
এছাড়া জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ‘ভিজিল্যান্স টিম’ গঠন করা হয়েছে, যারা তেলের ডিপো, ফিলিং স্টেশন ও পরিবহন ব্যবস্থার ওপর নজরদারি চালাচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে বাজারে কৃত্রিম সংকট কমবে এবং জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল হবে।





















