রেকর্ড গড়লো রেমিট্যান্স: এক মাসেই এলো পৌনে ৪ বিলিয়ন ডলার
অর্থনীতি ডেস্ক | ঢাকা
দেশের রেমিট্যান্স প্রবাহে অতীতের সব রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস তৈরি হয়েছে। সদ্যবিদায়ী মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। স্বাধীনতার পর এটিই দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার ঘটনা।
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই চমকপ্রদ তথ্য জানা গেছে।
একক মাসে সর্বোচ্চ প্রবাহ
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসের পুরো সময়ে প্রবাসীরা মোট ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার (পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাস ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি। গত বছরের মার্চ মাসের তুলনায় এবার ৪৬ কোটি ডলার বেশি রেমিট্যান্স দেশে এসেছে।
ভাঙলো আগের সব রেকর্ড এর আগে দেশের ইতিহাসে মাসিক সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের (২০২৫) মার্চ মাসে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। নতুন এই রেকর্ডের ফলে আগের সব পরিসংখ্যান পেছনে পড়ে গেল।
এক নজরে শীর্ষ রেমিট্যান্স প্রবাহের মাসগুলো: * মার্চ ২০২৬: ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার (সর্বোচ্চ)
- মার্চ ২০২৫: ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার
- ডিসেম্বর ২০২৫: ৩২২ কোটি ৬৬ লাখ ডলার
- জানুয়ারি ২০২৬: ৩১৭ কোটি ডলার
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, প্রবাসী আয়ের এই বিশাল উল্লম্ফন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনবে।





















