শারীরিক অবস্থার উন্নতি: সিঙ্গাপুরে সিসিইউ থেকে কেবিনে মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের বরাত দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, “সিঙ্গাপুরে অবস্থানরত তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, উনার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে এবং তাকে কেবিনে নেওয়া হয়েছে।”
যেভাবে অসুস্থ হয়েছিলেন তিনি গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই রাজনীতিক। শারীরিক অস্বস্তি বোধ করায় ওই দিন রাতেই তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।





















