হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭
দেশজুড়ে বায়ুবাহিত রোগ হাম নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৭ জনের মধ্যে এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত একদিনে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৭ জনে। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪৭৬ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৬০ জনের দেহে হাম নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে চলতি সময়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জনে।
মৃত্যুর দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। গত একদিনে সন্দেহজনক ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৬ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, একই সময়ে মোট ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, চিকিৎসা শেষে এখন পর্যন্ত ২ হাজার ৬৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে দ্রুত টিকাদান ও সচেতনতা বাড়ানো জরুরি।





















