পবিত্র ঈদুল আজহা কবে? আমিরাতে মিলবে ৬ দিনের টানা ছুটি
আন্তর্জাতিক ডেস্ক | দুবাই চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হতে পারে, তার একটি সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে এই পবিত্র উৎসব ঘিরে টানা ছয় দিনের সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কবে শুরু জিলহজ মাস?
আরব আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। ইসলামি নিয়ম অনুযায়ী, এই মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। আর ঈদের আগের দিন (৯ জিলহজ) পালিত হয় পবিত্র হজ বা আরাফাত দিবস। এদিন সারা বিশ্ব থেকে আসা মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করে হজের মূল আনুষ্ঠানিকতা পালন করেন।
হজ ও ঈদের সম্ভাব্য তারিখ
আমিরাতের হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস বা হজ অনুষ্ঠিত হতে পারে। সেই হিসাবে এর পরদিন, অর্থাৎ ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।
কীভাবে মিলবে ৬ দিনের ছুটি?
সম্ভাব্য এই তারিখ ধরেই সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ছুটির অনুমোদন দিয়েছে। দেশটিতে সাপ্তাহিক ছুটি থাকে শনি ও রোববার। সেই হিসাবে আগামী ৩০ ও ৩১ মে দেশটিতে সাপ্তাহিক ছুটি।
এর আগে পবিত্র হজের দিন (২৬ মে) সরকারি ছুটি থাকবে। সেই সঙ্গে আগামী ২৭ থেকে ২৯ মে পর্যন্ত আমিরাতে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে। অর্থাৎ হজ, ঈদ এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিন সরকারি ছুটি উপভোগ করবেন আমিরাতের বাসিন্দারা।





















