জুলাই অভ্যুত্থানে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠনের শুনানি আজ। এ উপলক্ষে কারাগারে থাকা আসামিদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কারাগারে ৪ জন, পলাতক তাপস-হাবিবুরসহ হেভিওয়েটরা
এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।
তবে মামলার উল্লেখযোগ্য আসামিদের অনেকেই এখনো পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন।
শুনানি পিছিয়েছে এর আগে
এর আগে গত ৮ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করায় আসামিপক্ষের আইনজীবীরা সময় আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজকের (১৫ এপ্রিল) দিনটি ধার্য করেন। নিয়ম অনুযায়ী, আজ প্রথমে প্রসিকিউশন তাদের শুনানি উপস্থাপন করবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এই ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
অভিযোগে যা বলা হয়েছে
প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্মম নৃশংসতা চালায়। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতি এবং উসকানি-প্ররোচনায় নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এর ফলে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন প্রাণ হারান এবং আহত হন আরও অসংখ্য মানুষ।





















