খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে আজ স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দেশের এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করবেন।
পুরস্কার পাচ্ছেন যাঁরা
এ বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
খালেদা জিয়া ছাড়াও নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি। তাঁরা হলেন—
- মুক্তিযুদ্ধ: মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর)।
- বিজ্ঞান ও প্রযুক্তি: সাবেক সচিব ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম।
- সাহিত্য: আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)।
- সংস্কৃতি: ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক এ কে এম হানিফ (হানিফ সংকেত) ও বিশিষ্ট সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর)।
- ক্রীড়া: দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান লিনু।
- সমাজসেবা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক এবং নিহত স্কুলশিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর)।
- জনপ্রশাসন: কাজী ফজলুর রহমান (মরণোত্তর)।
- গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
- পরিবেশ সংরক্ষণ: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
সম্মাননা পাচ্ছে ৫ প্রতিষ্ঠান
ব্যক্তিগত অবদানের পাশাপাশি ৫টি প্রতিষ্ঠানকে এবার মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো—
- মুক্তিযুদ্ধে: ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
- চিকিৎসাবিদ্যায়: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
- পল্লী উন্নয়নে: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
- সমাজসেবায়: এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
পুরস্কারের মান ও ইতিহাস
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় সম্মাননা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে।
স্বাধীনতা পুরস্কারের অংশ হিসেবে পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নগদ ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।





















