৫ টাকায় ১২০ কিমি: তেলের বিকল্প খুঁজে পেলেন রতন
জ্বালানি তেলের সংকট ও বাড়তি খরচের মধ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের তরুণ মেকানিক রতন মহন্ত। তিনি তৈরি করেছেন একটি ব্যাটারিচালিত মোটরসাইকেল, যা একবার চার্জে প্রায় ১২০ কিলোমিটার চলতে পারে—খরচ মাত্র ৫ থেকে ৬ টাকা।
স্বল্প ব্যয়ে ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার করে তৈরি এই বাইকটি ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা এটিকে জ্বালানি সংকটের কার্যকর বিকল্প হিসেবে দেখছেন।
মহলবাড়ী এলাকার বাসিন্দা রতন মহন্ত পেশায় অটোভ্যান মেকানিক। সাইকেল মেরামতের কাজ দিয়ে কর্মজীবন শুরু করে বর্তমানে তিনি নিজস্ব যন্ত্রাংশের দোকান পরিচালনা করছেন। সীমিত সামর্থ্য ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এই উদ্ভাবনী বাইক তৈরি করেন।
রতন জানান, ২০১৯ সালে একটি পুরোনো ১০০ সিসি মোটরসাইকেল কেনার পর বারবার যান্ত্রিক সমস্যায় পড়েন। মেরামত করেও স্থায়ী সমাধান না পেয়ে এবং তেলের উচ্চ খরচে বিরক্ত হয়ে তিনি বাইকটির ইঞ্জিন খুলে সম্পূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থায় রূপান্তরের সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে তিনি চারটি ১২ ভোল্টের ব্যাটারি ও একটি অটোরিকশার মোটর ব্যবহার করে বাইকটি তৈরি করেন। এতে এখন সহজেই দীর্ঘ পথ চলাচল করা যাচ্ছে, যেখানে একই দূরত্বে সাধারণ মোটরসাইকেলে প্রায় ৪০০ টাকার জ্বালানি লাগে।
রতন বলেন, শুরুতে অনেকেই তার কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করলেও এখন তারাই প্রশংসা করছেন। প্রতিদিন তার এই উদ্ভাবন দেখতে ভিড় করছেন স্থানীয়রা। অনেকেই নিজেদের বাইকও ব্যাটারিচালিত করার আগ্রহ দেখাচ্ছেন।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু খরচ কমায় না, পরিবেশ দূষণও কমাতে সহায়ক। যথাযথ সহায়তা পেলে এমন উদ্ভাবন দেশের জ্বালানি সাশ্রয় ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


























