প্রধানমন্ত্রী দেশসেবার লক্ষ্যেই দায়িত্ব নিয়েছেন: আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়েই সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ও জীবনযাপন অত্যন্ত সাধারণ এবং স্বাভাবিক। তার আচরণ ও পোশাক-পরিচ্ছদেও সেই সরলতার প্রতিফলন দেখা যায়। মূলত দেশের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।
আতিকুর রহমান রুমন আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দামসহ কিছু পণ্যের মূল্য বৃদ্ধি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া প্রশাসনিক কাজে শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে এবং অপরাধমূলক কর্মকাণ্ড তুলনামূলকভাবে কমেছে বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সরকারের ইতিবাচক দিকগুলো জনগণের সামনে তুলে ধরতে এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে সহযোগিতা করতে, যাতে ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করা যায়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব মুস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ হোসেন স্বাধীন এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার।





















