মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত অগ্রযাত্রা প্রমাণ করে যে সরকার একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে চায়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আবারও স্পষ্ট করেছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ।” তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণ একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করে আসছে।
তিনি আরও উল্লেখ করেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





















