প্রশ্নফাঁসের খবরটি মিথ্যা ও গুজব: শিক্ষা মন্ত্রণালয়
চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন নিউজ পোর্টালে এসএসসি ২০২৬ সালের বাংলা প্রথম পত্রের (১০১) সব বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে—এমন একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২১ ও ২৩ এপ্রিল যথাক্রমে বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
তারা আরও জানায়, পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্নফাঁস সংক্রান্ত এই গুজব ছড়িয়ে পড়ে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি করেছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে স্পষ্ট করা হয়, এ ঘটনার সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীন কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা নেই।
এছাড়া জনগণকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং কোনো ধরনের অর্থ লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে প্রশ্নফাঁস সংক্রান্ত কোনো অপপ্রচার নজরে এলে তা শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে।


























