নৈশভোজে হামলাকারী ‘অসুস্থ খ্রিস্টানবিরোধী’: ট্রাম্প
হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে হামলার ঘটনায় অভিযুক্ত কোল থমাস অ্যালেনকে ‘অসুস্থ’ ও ‘খ্রিস্টানবিরোধী’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, হামলাকারী আগে খ্রিস্টান ছিলেন, পরে খ্রিস্টানবিরোধী হয়ে ওঠেন এবং তার আচরণে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। ট্রাম্পের ভাষায়, তিনি সম্ভবত ‘খুব অসুস্থ একজন ব্যক্তি’।
শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হচ্ছিল। এতে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রিসভার সদস্য এবং প্রায় ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে হঠাৎ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। দ্রুত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানা যায়, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে। তবে এ ঘটনায় ট্রাম্প, মেলানিয়া বা অন্য কোনো উচ্চপর্যায়ের অতিথি আহত হননি।
পরে সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন থমাসকে গ্রেফতার করা হয়েছে।





















