ঢাকায় ‘প্রধানমন্ত্রী’ তারেক রহমানের প্রথম জনসভা: বৈরী আবহাওয়া উপেক্ষা করে নয়াপল্টনে জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক | ঢাকা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশে যোগ দিতে জুমার নামাজের পর থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নেমেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজধানী ঢাকায় এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম কোনো জনসভা।
আজ শুক্রবার (১ মে) নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈরী আবহাওয়াতেও কমেনি উচ্ছ্বাস
সকালে নয়াপল্টনের সড়কে প্রবল বর্ষণে পানি জমলেও দুপুরের আগেই তা নেমে যায়। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ও আশপাশের জেলাগুলো থেকে বিপুলসংখ্যক শ্রমিক এবং নেতাকর্মী সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশ ঘিরে সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। হাজারো নেতাকর্মী লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে হাজির হয়েছেন। তাদের মুহুর্মুহু করতালি আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নয়াপল্টন এলাকা।
প্রস্তুত বিশাল মঞ্চ
সমাবেশ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতিমধ্যে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বিছানো হয়েছে লাল কার্পেট। উত্তরমুখী এই মঞ্চের দুই পাশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশালাকার প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

নেতাকর্মীদের প্রত্যাশা ও উচ্ছ্বাস
সমাবেশে অংশ নেওয়া কবির খান নামের এক কর্মী বলেন, “এবারের মে দিবসের এই সমাবেশ শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ আমাদের শ্রমিকদের দাবিগুলো নিয়ে কথা বলবেন। আমরা সামনে থেকেই এই শ্রমিক দিবস পালন করব।”
সকাল ১০টা থেকে অপেক্ষমাণ হুমায়ুন নামের আরেকজন বলেন, “নেতাকে সামনে থেকে দেখার জন্যই এত আগে এসেছি। আমি নিজে একজন শ্রমিক, আর আমাদের নেতাও দেশের একজন বড় শ্রমিক। আমরা নিজেদের জন্য কাজ করি, আর নেতা কাজ করেন পুরো দেশের জন্য।”





















