কোদাল দিয়ে মাটি কেটে বাঁশিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | সিলেট
সিলেটের কাশিপুরে ৪ দশক আগে খনন করা বাঁশিয়া নদী বা খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) দুপুর ১টা ২০ মিনিটে তিনি নিজে কোদাল দিয়ে মাটি কেটে এই বিশাল কর্মযজ্ঞের উদ্বোধন করেন।
উপকৃত হবেন আড়াই লক্ষাধিক কৃষক
উদ্বোধন শেষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “কাশিপুরে যে নদী বা খালটা আছে, এটি ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। কালের পরিক্রমায় এই খালটি এখন বন্ধ হয়ে গেছে। আমরা এই খালটি পুনরায় কাটতে চাই।”
খালটি খননের সুফল সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “এই খালটি পুনঃখনন করা হলে প্রথমত প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। এর বাইরে পরোক্ষভাবে উপকৃত হবেন আরও দেড় লক্ষ কৃষক। খালের দুই পাশে যাঁদের জমিজমা রয়েছে, সেখানে আগের তুলনায় প্রায় ৭ হাজার মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে।”
বাঁশিয়া নদীর বর্তমান অবস্থা ও গতিপথ
জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্য দিয়ে প্রবহমান এই ‘বাঁশিয়া নদী’র দৈর্ঘ্য প্রায় ৪০ কিলোমিটার। সিলেট সদর উপজেলার মাশুকগঞ্জ বাজার এলাকায় ‘সুরমা নদী’ থেকে এর উৎপত্তি। এরপর দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বরাক বিলে গিয়ে মিলিত হয়েছে এটি। তবে কালের বিবর্তনে দখল, দূষণ ও পলি ভরাটের ফলে নদীটি বর্তমানে বিপন্ন। বর্ষাকালেও এতে পানির কাঙ্ক্ষিত প্রবাহ থাকে না। পুনঃখননের ফলে নদীটি তার হারানো যৌবন ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।
উপস্থিত ছিলেন যাঁরা
বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
- পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির





















