হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
হামে আক্রান্তদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শিশুদের নিয়ে চরম উদ্বেগে রয়েছেন অভিভাবকেরা। ঢাকার শিশু হাসপাতালে। ছবি: সংগ্রহীত
দেশে হাম ও হামের উপসর্গজনিত পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে ও উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল, আর বাকি ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে করে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪০ হাজার ৪৯১ জনের মধ্যে এই উপসর্গ পাওয়া গেছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই হিসাব ধরা হয়েছে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৩ জনে।
এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন, আর সন্দেহজনক উপসর্গে মৃত্যু হয়েছে ২৪৪ জনের। সব মিলিয়ে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে।
গত এক দিনে শনাক্ত হওয়া ১ হাজার ১৬৬ জনের মধ্যে ৯০৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৬৫ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৮১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৯০ জন।





















