পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চীন সফর শুরু মঙ্গলবার
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী—চীন সফরে কূটনৈতিক তৎপরতা জোরদার
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী মঙ্গলবার (৫ মে) চীনের রাজধানী বেইজিং সফরে যাচ্ছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গত ফেব্রুয়ারিতে নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর, যা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’-এর প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ৫ মে থেকে ৭ মে পর্যন্ত সফরটি চলবে।
বিশ্লেষকদের মতে, এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, বিএনপি সরকার গঠনের পর এটি চীনে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে গত ২০ এপ্রিল চীন সফর করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর কয়েক দিন আগে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও দেশটি সফর করে। ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বেইজিংয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে।





















