বাংলাদেশকে বিশ্বসেরা এডুকেশন হাব করতে চান শিক্ষামন্ত্রী
বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা কেন্দ্রে পরিণত করার সক্ষমতা দেশের রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের সেই রিসোর্স রয়েছে, মেধা রয়েছে, প্রোগ্রাম রয়েছে এবং সেই ইচ্ছাশক্তিও রয়েছে। এটি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি দাবি করেন, ‘মাত্র ১৬ দিনে শিক্ষা মন্ত্রণালয়ে যে কাজ হয়েছিল, তা ১৬ বছরেও করা কঠিন।’
তিনি আরও বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষা উন্নয়নে গভীর আগ্রহী ছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রীও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আকৃষ্ট করার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
এহছানুল হক মিলন বলেন, একসময় বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করত এবং ভবিষ্যতেও সেই সম্ভাবনা রয়েছে। বিদেশে পড়াশোনা শেষে দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
স্টেকহোল্ডারদের মতামত ছাড়া টেকসই সিদ্ধান্ত সম্ভব নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, স্কলারশিপ ও ট্রাস্টভিত্তিক পরিচালনার বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অঙ্গীকারবদ্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে চায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদসহ বিভিন্ন শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


























