তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের আদেশ।
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের আদেশ দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেওয়ার কথা রয়েছে।
মামলায় গ্রেফতার চার আসামি হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
এছাড়া পলাতকদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
গত ২৬ এপ্রিল প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইয়ের ঘটনার বিবরণ তুলে ধরা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপ এবং বিভিন্ন ভিডিও ফুটেজে আসামিদের উপস্থিতির বিষয়ও আদালতকে জানানো হয়।
অন্যদিকে আসামিপক্ষ দাবি করেছে, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না এবং এ ধরনের অভিযোগ বিচারের জন্য পৃথক আইন রয়েছে।





















