মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৬ জনকে জরিমানা।
মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যে বিভিন্ন অভিবাসন আইনে বাংলাদেশিসহ ১২৬ জন বিদেশিকে আদালতে হাজির করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) সিক জেলার বেলান্তিকে অনুষ্ঠিত শুনানিতে তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী অভিযোগ আনা হয়।
আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে ৫৯ জন বিদেশির বিরুদ্ধে মামলা হয়। এদের মধ্যে বাংলাদেশ, চীন, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন।
আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার থেকে ১৫ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা এবং অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন।
এ ছাড়া বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থানের অভিযোগে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পাঁচ নাগরিককে আট মাসের কারাদণ্ড এবং এক বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।
অন্যদিকে ভিজিট পাসের শর্ত ভঙ্গের অভিযোগে আরও ৬২ বিদেশিকে ৬০০ রিঙ্গিত জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বিদেশিদের আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে।


























