বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাকৃবি, গোপনে ছবি, যুবক আটক, মাদক
গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবক আটক।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম আবু খারিয়া তোফায়েল। তিনি নেত্রকোনার বাসিন্দা বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ছবি সন্দেহজনকভাবে মোবাইলে ধারণ করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে গেলে তিনি নিজের মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় তার কাছে মাদকদ্রব্যও পাওয়া যায় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনার শিকার এক শিক্ষার্থী জানান, ফোনে একই স্থানে তোলা বিভিন্ন মেয়ের একাধিক ছবি দেখতে পাওয়ার পর তাকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই মো. রহমত উল্লাহ বলেন, তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, মোবাইল ভেঙে ফেলায় আলামত যাচাই করা সম্ভব হয়নি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


























