হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী
হাম মোকাবিলায় সরকারের প্রধান মনোযোগ এখন টিকাদান ও চিকিৎসা কার্যক্রমে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, যেসব শিশু এখনো হামের টিকা পায়নি, তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে।
বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা হামের টিকা দিচ্ছি। টিকার ওপরে কোনো চিকিৎসা নেই। যেসব শিশু টিকা নেয়নি, তাদের আমরা খুঁজে বের করে টিকা দেব।”
তিনি জানান, টিকাদান কার্যক্রম জোরদারে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে এবং টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করে টিকা কেন্দ্রে আনার ব্যবস্থা নেওয়া হবে।
সাখাওয়াত হোসেন বলেন, “টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে কিছুটা সময় লাগে। সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এ বিষয়ে অনেক ভুল তথ্যও ছড়ানো হচ্ছে।”
তিনি আরও বলেন, হাম মোকাবিলায় সরকারের পক্ষ থেকে কোনো ঘাটতি নেই। হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা রয়েছে এবং চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
হামের টিকার সংকট নিয়ে তদন্ত হবে কি না— এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সংকট শেষ হওয়ার পর সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমাদের প্রধান মনোযোগ টিকা ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়া।”
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গুর কোনো টিকা নেই, তাই প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। তিনি বলেন, রোগীর চাপ বাড়লে যেন কাউকে চিকিৎসার বাইরে থাকতে না হয়, সে জন্য মোবাইল হাসপাতালের ব্যবস্থাও রাখা হয়েছে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দেয় চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। অনুষ্ঠানে চীনা দূতাবাস ও সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





















