প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দৌড়ে গিয়ে স্যালুট যুবদল নেতা নয়নের
চাঁদপুর সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের সামনে দৌড়ে গিয়ে স্যালুট ও স্লোগান দিয়েছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।
শনিবার সকাল পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে সড়কপথে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। কাকরাইল মোড়ে পৌঁছালে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
এ সময় জাতীয় সংসদ সদস্য ও যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতারা উপস্থিত ছিলেন। প্রটোকলের গাড়ির সামনে দৌড়ে গিয়ে স্যালুট জানান রবিউল ইসলাম নয়ন, যা সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
পরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দেন।
তিনি বলেন, জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। এছাড়া কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়েও দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
বিমানবন্দর চালুর দাবির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে চাপে রয়েছে। তাই ধৈর্য ধরে পর্যায়ক্রমে জনগণের দাবিগুলো বাস্তবায়ন করা হবে।


























