সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে প্রযুক্তিনির্ভর উদ্যোগের আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রাচীন গ্রন্থ, পাণ্ডুলিপি ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে।
রোববার যশোর জেলা শিল্পকলা একাডেমি ও যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করে গড়ে তুলতে হবে।
পরিদর্শনের সময় তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথি, পাণ্ডুলিপি ও গ্রন্থসম্ভার ঘুরে দেখেন এবং এগুলোকে জাতির ইতিহাস ও জ্ঞানচর্চার অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কর্মকর্তারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারের সহায়তা কামনা করেন।
জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, যশোরের সাংস্কৃতিক ঐতিহ্য জাতীয় গৌরবের অংশ। এ ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ ও বিশ্বপরিসরে তুলে ধরতে সরকার কাজ করছে।
তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধান, অবকাঠামোগত উন্নয়ন এবং দুষ্প্রাপ্য সংগ্রহ সংরক্ষণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।





















