কানাডার ভিসার নামে প্রতারণা, উধাও ইমন
সিলেটে মাত্র ১ হাজার টাকায় ‘কানাডার ভিসা’ দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এই চক্রের মূল হোতা ইমন উদ্দিনসহ তার সহযোগীরা বর্তমানে পলাতক।
মঙ্গলবার থেকে নগরীর উপশহর এলাকার ‘এমেক্স এসোসিয়েটস’ নামের প্রতিষ্ঠানটির কার্যালয় তালাবদ্ধ পাওয়া যায়।
সকাল থেকেই ভুক্তভোগীরা টাকা ফেরতের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে নগরীর কুমারপাড়ায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন।
স্থানীয়দের দাবি, প্রধান অভিযুক্ত ইমন উদ্দিন সোমবার রাত থেকেই আত্মগোপনে রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দ্রুত ও নিশ্চিত কানাডার ভিসা দেওয়ার কথা বলে মাসের পর মাস তাদের কাছ থেকে মোটা অঙ্কের অগ্রিম টাকা নেওয়া হয়েছে। এখন অফিস বন্ধ করে সংশ্লিষ্টদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত এই চক্র। অনুসন্ধানে দেখা গেছে, যাদের ‘কানাডার ভিসা’ পাওয়া বলে ছবি ও ভিডিও প্রচার করা হয়েছিল, তাদের অনেকের নামেই কোনো পাসপোর্ট নেই।
মাত্র ১ হাজার টাকা দিয়ে সাজানো ছবি ও ভিডিও তৈরি করে এসব প্রচারণা চালানো হতো বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা বলছেন, প্রশাসনের চোখের সামনেই দীর্ঘদিন ধরে এই প্রতারণা চললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


























